চন্দনাইশে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ মাইক্রোবাস জব্দ
চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলায় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। পরে টাকাসহ মাইক্রোবাসটি চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি জব্দ করা হয়। এ সময় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চন্দনাইশ আর্মি ক্যাম্প-১ সূত্রে জানা যায়, জব্দ করা অর্থ বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মিজানুল হক চৌধুরী (ফুটবল প্রতীক)–এর পোলিং এজেন্টদের দেওয়ার জন্য বহন করা হচ্ছিল। তবে গাড়ির চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
চালক দাবি করেন, রিকুইজিশন স্লিপের মাধ্যমে গাড়িটি নেওয়া হয়েছিল। বুধবার সকালে টাকাসহ মাইক্রোবাসটি আনুষ্ঠানিকভাবে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, সেনাবাহিনী ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস থানায় জমা দিয়েছে। নির্বাচন-পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে