আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ফিরছেন মাইকেল মার্টিন
দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রবীণ রাজনীতিবিদ মাইকেল মার্টিন। দেশটির আইন প্রণেতারা তাকে জোট সরকারের নেতা হিসাবে আনুষ্ঠানিকভাবে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে।
এপি জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) আয়ারল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ ডেইলে ৬৪ বছর বয়সী মার্টিনকে তাওইসাচ বা প্রধানমন্ত্রী পদে অনুমোদন দেয়া হবে। এরপর প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন। পরে মার্টিন তার মন্ত্রিসভা নির্বাচন করবেন।
গত বছরের ২৯ নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে মার্টিনের মধ্য-ডান দল ফিয়ানা ফায়েল পার্টি সবচেয়ে বেশি আসনে জিতলেও সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
প্রায় দু’মাসের আলোচনার পর দলটি এবং বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের দল ফাইন গেইল ও বেশ কয়েকজন স্বতন্ত্র আইন প্রণেতাদের রক্ষণশীল আঞ্চলিক স্বাধীন গ্রুপের সমর্থন নিয়ে জোট গঠনের চুক্তিতে পৌঁছে। দুই দলের পার্লামেন্ট সদস্যরা জোট চুক্তিতে অনুমোদন দিয়েছে
চুক্তি অনুসারে তিন বছর প্রধানমন্ত্রী হিসাবে কাজ করবেন মার্টিন। সাইমন হ্যারিস তার ডেপুটি হবেন। পাঁচ বছরের মেয়াদের বাকি দুই বছর ভূমিকা বিনিময় করবেন দুই নেতা। দুটি মন্ত্রী পদ পাবে আঞ্চলিক স্বাধীন গ্রুপ।
গত পার্লামেন্ট নির্বাচনে বছরজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করার বৈশ্বিক প্রবণতাকে অস্বীকার করেন আইরিশ ভোটাররা। পার্লামেন্টের ১৭৪টি আসনের ৪৮টিতে জয়লাভ করে ফিয়ানা ফায়েল পার্টি, যেখানে ৩৮টি আসন পায় ফাইন গেইল। ব্যাপক সমর্থন নিয়ে সরকার পরিচালনায় প্রয়োজনীয় সমর্থন অর্জন করেন আঞ্চলিক স্বাধীন গ্রুপের স্বতন্ত্র আইন প্রণেতারাও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে