Views Bangladesh Logo

বক্স অফিসে নতুন ইতিহাস, ১ বিলিয়ন ডলার আয় ছাড়াল ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। ছবিটি বৈশ্বিক টিকিট বিক্রি থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করে ইতিহাসের প্রথম বায়োপিক হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে। উত্তর আমেরিকায় ছবিটির আয় ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলার।

মুক্তির আগেই চিত্রনাট্যের কিছু অংশ পুনর্নির্মাণ এবং বিতর্কিত অভিযোগসংক্রান্ত দৃশ্য বাদ দেওয়ার বিষয় নিয়ে আলোচনায় ছিল ‘মাইকেল’। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের ব্যাপক সাড়ায় এপ্রিলের মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে ছবিটি।

প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে ‘মাইকেল’। এর মাধ্যমে ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’–এর উদ্বোধনী আয়ের রেকর্ড ভেঙে দেয় ছবিটি। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং বারবার প্রেক্ষাগৃহে ফিরে আসার প্রবণতায় পুরো গ্রীষ্মজুড়েই শক্ত অবস্থান ধরে রেখেছে চলচ্চিত্রটি।

এই সাফল্যের মাধ্যমে ‘মাইকেল’ সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতিও পেয়েছে। এর আগে ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ৯১১ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে ছিল।

ছবিটি নির্মাণ করেছে লায়ন্সগেট। উত্তর আমেরিকায় পরিবেশনার দায়িত্বও প্রতিষ্ঠানটির, আর আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। ‘মাইকেল’-এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয় করা ছবি ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’ (৮৬৫ মিলিয়ন ডলার) এবং ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২’ (৮৫০ মিলিয়ন ডলার)। ‘মাইকেল’ই স্টুডিওটির ইতিহাসে প্রথম বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্র।

লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, বিশ্বজুড়ে দর্শকদের উচ্ছ্বসিত সাড়া প্রমাণ করেছে মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা এখনো অটুট। একই সঙ্গে বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতার প্রতিও দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে।

অঁতোয়ান ফুকোয়া পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভ–এর সদস্য হিসেবে তার যাত্রা এবং পরবর্তী সময়ে ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। এছাড়া অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।

ছবিটির সাফল্যের পর মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে অন্তত আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে লায়ন্সগেট। পরিচালক অঁতোয়ান ফুকোয়া বলেন, এক বিলিয়ন ডলারের এই অর্জন পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এবং বিশ্বের বিভিন্ন প্রজন্মের দর্শকের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ