শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল
যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি আরও বলেন, আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এম এ এন ছিদ্দিক বলেন, আমাদের এখন ১৫২ বার ট্রেন যাতায়াত করছে। যাত্রীদের চাহিদার বিবেচনায় আমরা আরও ২৬ বার যাতায়াত বৃদ্ধি করে দিচ্ছি। যে সময়টা পিক আওয়ার হয়, সেই পিক আওয়ারে হেডওয়ের সময়টা ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি, যা আগামী শনিবার থেকে কার্যকর হবে।
তিনি আরও বলেন, বর্তমানে মেট্রোরেলে গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। সবার ভেতরে একটা কনফিউশন থাকে যে, কোন ট্রেন কখন উত্তরা বা মতিঝিল থেকে ছাড়ে। আমরা এ ব্যাপারটা পৃথক করে দিয়েছি। উত্তরা থেকে মতিঝিলের দিকে যে ট্রেন যাওয়া আসা করে, সেখানে আগে ১০ মিনিট পরপর ২টি ট্রেন যাতায়াত করত, এখন তিনটি ট্রেন যাতায়াত করবে। আর মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮ পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে, এটা স্পেশাল অফ পিক। তারপর সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।
এদিকে রমজান শুরু হলে মেট্রো ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে বলে জানান ডিএমটিসিএল এর এই কর্মকর্তা। তিনি বলেন, সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে