রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল, ট্রেনে ইফতারে থাকছে সীমিত অনুমতি
পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচিতে চলাচল শুরু করেছে রাজধানীর মেট্রোরেল। রোজাদার যাত্রীদের কথা বিবেচনায় রেখে ইফতারের সময় ট্রেনে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে সংশোধিত সময়সূচি কার্যকর থাকবে। নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতারের জন্য অনুমোদিত পানির বোতল ব্যবহারের সময় যাত্রীদের সতর্ক থাকতে হবে যাতে পানি কোথাও না পড়ে। ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে, যা প্ল্যাটফর্ম, কনকোর্স ও প্রবেশ-বাহির গেটে স্থাপন করা রয়েছে।
এ ছাড়া শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে