ফার্মগেট স্টেশনে এসে আটকে গেল মেট্রোরেল, কয়েক মিনিট পর চালু
ঢাকার উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী মেট্রোরেলের একটি ট্রেন ফার্মগেট স্টেশনে পৌঁছানোর পর আটকে যাওয়ায় ঘটনা ঘটে। এতে স্বল্প সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তির সৃষ্টি হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে পাঁচ-ছয় মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিজয় সরণি পার হওয়ার পরপরই ট্রেনটির আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ হয়ে যায়। এই সমস্যা সত্ত্বেও ট্রেনটি ফার্মগেট স্টেশনে পৌঁছানোর পর সম্পূর্ণভাবে থেমে যায়।
এ সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা না দেয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে স্টেশন ত্যাগ করেন। মিরপুর থেকে ট্রেনে ওঠা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রী ওঠানো-নামানো হয়। এরপর ট্রেনটি আর চলেনি; কিন্তু এ সময়ে ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান।
পরে সকালে ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি’ নামের ফেসবুক গ্রুপে একটি ভিডিও পোস্ট করেন যাত্রী ফাহিম ফরায়েজি, যেখানে এই রুটে বারবার যান্ত্রিক সমস্যার কথা তুলে ধরা হয়। ভিডিওতে তিনি উল্লেখ করেন, অতীতেও এমন আচমকা ব্রেকিং এবং সিস্টেমজনিত বিভ্রাটের সম্মুখীন হয়েছেন।
ফাহিম ফরায়েজি খেন, ‘আজকের ঘটনার ভিডিও আছে। আমি কোনো মন্তব্য করব না—যাত্রীদের কথাই শুনুন।” এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগ দেয়া হলেও অনেক সময় তা উপেক্ষিত হয়েছে বলে তিনি পোস্টে উল্লেখ করেন।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসানুল্লাহ শরীফি বলেন, ‘ফার্মগেট স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল। এটি দ্রুত সমাধান করা হয় এবং পাঁচ মিনিটের মধ্যে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।’
সংস্থাটির পক্ষ থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি বা ভবিষ্যতে প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে