Views Bangladesh Logo

প্রেসক্রিপশন ব্যবহারকারীদের জন্য নতুন রে-ব্যান স্মার্ট চশমা আনল মেটা

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্যাজেটের প্রতিযোগিতায় অন্যতম সফল পণ্য হিসেবে স্মার্ট চশমার বাজার আরও সম্প্রসারণ করল মেটা। এবার প্রেসক্রিপশন ব্যবহারকারীদের জন্য নতুন দুটি রে-ব্যান স্মার্ট চশমা উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

নতুন মডেল দুটি হলো রে-ব্যান মেটা ব্লেজার অপটিকস এবং রে-ব্যান মেটা স্ক্রাইবার অপটিকস। যুক্তরাষ্ট্রে এগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে, যার প্রারম্ভিক মূল্য ৪৯৯ মার্কিন ডলার। আগামী ১৪ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের অপটিক্যাল বিক্রয়কেন্দ্র এবং নির্বাচিত আন্তর্জাতিক বাজারে চশমা দুটি পাওয়া যাবে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত জানুয়ারিতে বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দৃষ্টিশক্তি সংশোধনের জন্য চশমা বা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। নতুন এই পণ্য তাদের জন্য বিকল্পের পরিসর আরও বাড়াবে।

মেটা জানিয়েছে, নতুন স্মার্ট চশমাগুলোতে রয়েছে নমনীয় হিঞ্জ, পরিবর্তনযোগ্য নোজ প্যাড এবং অপটিশিয়ান দ্বারা সমন্বয়যোগ্য টেম্পল টিপস, যা ব্যবহারকারীর মুখের গঠনের সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যাবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের গবেষণা পরিচালক রামন লামাস জানান, গত বছর বিশ্বব্যাপী স্মার্ট চশমার চালান পৌঁছায় ৯৬ লাখ ইউনিটে, যার প্রায় ৭৬ শতাংশই ছিল মেটার দখলে। ২০২৬ সালে এই সংখ্যা বেড়ে ১ কোটি ৩৪ লাখ ইউনিটে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছর ৭৯৯ ডলারে রে-ব্যান মেটা ডিসপ্লে স্মার্ট চশমা বাজারে আনে মেটা, যা বিল্ট-ইন ডিসপ্লেসহ তাদের প্রথম মডেল ছিল। ওই মডেলেও অতিরিক্ত ২০০ ডলার খরচে প্রেসক্রিপশন লেন্স যুক্ত করার সুযোগ রয়েছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী স্ন্যাপ তাদের অগমেন্টেড রিয়েলিটি স্মার্ট চশমার জন্য আলাদা সহযোগী প্রতিষ্ঠান গঠন করেছে এবং ভোক্তাদের জন্য পণ্যটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে গুগল, ওয়ারবি পার্কারের সঙ্গে অংশীদারিত্বে এআই স্মার্ট চশমা আনার উদ্যোগ নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ