Views Bangladesh Logo

এআইয়ে আধিপত্য বাড়াতে মেটার নতুন উদ্যোগ, এলো ‘মিউজ গ্লিমার’

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে উন্মুক্ত এআই মডেল তৈরির ওপর থাকা কিছু বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। একই সঙ্গে নতুন উন্মুক্ত ওজনের এআই মডেল ‘মিউজ গ্লিমার’ প্রকাশ করেছে মেটা। সোমবার (১০ আগস্ট) মডেলটি উন্মোচনের সময় জাকারবার্গ জানান, সামনে আরও বড় মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের।

‘মিউজ গ্লিমার’ আকারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় মডেলের চেয়ে ছোট হলেও ব্যক্তিগত কম্পিউটার বা ম্যাকে একটি মাত্র গ্রাফিকস কার্ড ব্যবহার করে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। জাকারবার্গের মতে, এআই প্রযুক্তিকে কেবল অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না রেখে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

জাকারবার্গের ১৪ পৃষ্ঠার প্রবন্ধে বলা হয়েছে, উন্মুক্ত ওজনের এআই মডেল ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তুলনামূলক কম ব্যয়বহুল এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ দেয়। চীনের মুনশট, আলিবাবা ও ডিপসিক ইতোমধ্যে এমন মডেল তৈরি করে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করছে। বিপরীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের প্রধান মডেলগুলো মূলত নিয়ন্ত্রিত কাঠামোর।

মেটা জানিয়েছে, আরও উন্নত ‘মিউজ স্পার্ক ১.২’ মডেলের ওজনও প্রকাশ করা হবে। এর আগে ‘ল্যামা ৪’ প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এআই কৌশলে পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগ নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ মোকাবিলায় ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। তথ্যকেন্দ্র নির্মাণের প্রভাব নিয়ে উদ্বিগ্ন জনগোষ্ঠীকে সহায়তা করাই হবে এই তহবিলের অন্যতম লক্ষ্য।

জাকারবার্গের দাবি, এআই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের তুলনায় পিছিয়ে আছে। এ বছর মেটা এ খাতে সর্বোচ্চ ১৪ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করতে পারে বলেও জানান তিনি। একই সঙ্গে উন্মুক্ত এআই মডেলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি বাড়াতে তথ্য ব্যবহারের নিয়ম ও ‘ডিস্টিলেশন’ পদ্ধতিতে বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে নিরাপত্তার বিষয়েও সতর্ক অবস্থানের কথা জানিয়েছে মেটা। জাকারবার্গ বলেন, কোনো মডেল প্রকাশের আগে নিরাপত্তা মানদণ্ড অনুমোদনের দায়িত্ব স্বাধীন পরিচালকদের দেওয়া হবে। পাশাপাশি বিদেশি উন্মুক্ত এআই মডেলের প্রবেশাধিকার সীমিত করাকে কার্যকর সমাধান মনে করেন না তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ