এআই-নির্মিত ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট, প্রোফাইল ও বার্তার বিস্তার ঠেকাতে ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের নতুন ব্যবস্থা চালু করছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এ সুবিধার মাধ্যমে সেলফি ভিডিও ব্যবহার করে প্রকৃত পরিচয় নিশ্চিত করা যাবে। সফলভাবে যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।
মেটা জানিয়েছে, নতুন ব্যবস্থায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেটি তার বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। যাচাই সফল হলে কয়েক মিনিটের মধ্যেই প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে।
তবে এ সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি কিংবা ভুয়া পরিচয় ব্যবহারের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবে না। প্রাথমিকভাবে সীমিত কয়েকটি দেশে এই সেবা চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, নতুন ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং এবং বিভিন্ন গ্রুপে দৃশ্যমান হবে। ভবিষ্যতে নিউজ ফিডে প্রকাশিত পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকবে। এ জন্য কোনো ধরনের সাবস্ক্রিপশন বা অতিরিক্ত ফি দিতে হবে না।
তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যবহারকারীর বিশ্বাসযোগ্যতা বা কর্মকাণ্ডের নিশ্চয়তা দেয় না। ব্যাজধারী ব্যবহারকারীদেরও ফেসবুকের নীতিমালা, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং বাণিজ্যিক নীতিমালা মেনে চলতে হবে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে অনলাইনে প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন এই ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহারকারীদের নিরাপদ যোগাযোগ, অনলাইন কেনাবেচা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করতেই চালু করা হচ্ছে।
মতামত দিন