Views Bangladesh Logo

শিশু নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্তভাবে যুক্ত রাখা এবং তাদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ একটি বিচার শুরু হতে যাচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মামলা করেছেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির করা অভিযোগ নিয়ে মূল বিচার শুরু হচ্ছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শিশু ও কিশোরদের দীর্ঘ সময় ফেসবুক ও ইনস্টাগ্রামে ধরে রাখতে মেটা এমন কিছু নকশা ও ফিচার ব্যবহার করেছে, যেগুলো তাদের বারবার প্ল্যাটফর্মে ফিরতে উৎসাহিত করে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রলিং, স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া, অ্যালগরিদমের মাধ্যমে কনটেন্ট সুপারিশ এবং ঘন ঘন নোটিফিকেশন। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য যথাযথ অভিভাবকীয় সম্মতি ছাড়া সংগ্রহের অভিযোগও রয়েছে।

অঙ্গরাজ্যগুলোর দাবি, এসব ফিচার তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আদালতের কাছে শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, মেটার প্ল্যাটফর্ম পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনারও দাবি জানিয়েছে। বয়স যাচাই জোরদার করা, শিশুদের তথ্য ব্যবহার করে তৈরি অ্যালগরিদম পরিবর্তন এবং অসীম স্ক্রলিংয়ের মতো ফিচার সীমিত করার বিষয়গুলোও দাবির মধ্যে রয়েছে। চারটি অঙ্গরাজ্যের দাবিতে সম্ভাব্য ক্ষতিপূরণের পরিমাণ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে আদালতের নথিতে উঠে এসেছে।

মেটা অবশ্য অভিযোগগুলো অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে তারা ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কিশোরদের জন্য বিশেষ অ্যাকাউন্ট, বয়স শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি এবং ক্ষতিকর কনটেন্ট সীমিত করার মতো পদক্ষেপের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার বিরুদ্ধে এই বিচার এমন এক সময়ে শুরু হচ্ছে, যখন শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষতি নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একের পর এক মামলায় আইনি চাপ বাড়ছে। গত মার্চে নিউ মেক্সিকোর একটি জুরি মেটাকে রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য দায়ী করে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছিল। পরে আগস্টে আদালত আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামে পরিবর্তন আনার নির্দেশ দেয়। সব মিলিয়ে ওই মামলায় মেটার আর্থিক দায় ৯৪ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

ফলে ওকল্যান্ডের এই বিচারকে শুধু মেটার জন্য নয়, পুরো প্রযুক্তি খাতের জন্যই গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। মামলায় অঙ্গরাজ্যগুলোর অভিযোগ প্রমাণিত হলে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা, বয়স যাচাই, কনটেন্ট সুপারিশ ও ব্যবহারকারীদের ধরে রাখার কৌশলে বড় পরিবর্তনের পথ তৈরি হতে পারে। এর প্রভাব মেটার পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের ওপরও পড়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ