ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ঢাকায় তাদের কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রথম দিনের কার্যক্রম নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মেটার প্রতিনিধিবৃন্দের সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। সেখানে ঢাকায় প্রতিষ্ঠানটির একটি ফোকাল পয়েন্ট বা কার্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তিনি যোগ দিতে পারেননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মেটা বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে বেশ আগ্রহী এবং তারা ঢাকায় নিজস্ব ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করতে চায়। বৈঠকে বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া দেশে ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের প্রসারে মেটা তাদের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
মতামত দিন