হোয়াটসঅ্যাপে মেটা আনছে এআই এজেন্টের সঙ্গে চ্যাটের সুবিধা
এবার থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও স্বয়ংক্রিয় উত্তরদাতার সাথে সরাসরি কথা বলার সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীদের আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে না।
গত ৪ সেপ্টেম্বর থেকে অ্যানড্রয়েডের বেটা সংস্করণে সীমিতসংখ্যক ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে।
নতুন এই ফিচারের জন্য সেটিংস মেনুতে ‘এজেন্টস’ নামে একটি নতুন সেকশন যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এই মেনু থেকে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো এআই এজেন্ট যুক্ত ও কনফিগার করতে পারবেন এবং প্রত্যেকটির জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করতে পারবেন। এজেন্ট যুক্ত করার জন্য হোয়াটসঅ্যাপ একটি স্বতন্ত্র এপিআই কি তৈরি করবে, যা উক্ত এজেন্টের নিজস্ব প্ল্যাটফর্মে গিয়ে পেস্ট করতে হবে। সংযোগ সম্পন্ন হলে সেটি ব্যবহারকারীর চ্যাট তালিকায় আলাদা একটি চ্যাট হিসেবে দেখাবে।
একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একই সাথে সর্বোচ্চ পাঁচটি থার্ড-পার্টি এজেন্ট যুক্ত রাখা যাবে। পাঁচটির সীমা পূর্ণ হয়ে গেলে নতুন কোনো এজেন্ট যুক্ত করতে হলে আগের একটির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুরনো চ্যাট হিস্ট্রি বা বার্তার ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। পরবর্তীতে পুনরায় সংযোগ করতে হলে নতুন এপিআই কি ব্যবহার করতে হবে। তবে ভবিষ্যতে এই পাঁচটির সীমা পরিবর্তন হতে পারে।
নিরাপত্তার দিক থেকে প্রতিটি এআই এজেন্ট সম্পূর্ণ আলাদা চ্যাটে কাজ করবে। এজেন্টগুলো ব্যবহারকারীর অন্য কোনো ব্যক্তিগত চ্যাট, কন্টাক্ট বা মিডিয়া ফাইল অ্যাক্সেস করতে পারবে না এবং সরাসরি যা শেয়ার করা হবে কেবল সেই তথ্যই এজেন্টগুলো পাবে। এছাড়া এই থার্ড-পার্টি এজেন্টগুলোকে কোনো গ্রুপ চ্যাট বা কমিউনিটিতে যুক্ত করা যাবে না। তবে লক্ষণীয় বিষয় হলো, এসব এআই এজেন্টের সাথে হওয়া কথোপকথনগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এজেন্টের ডেভেলপারদের পক্ষে মেটার একটি সেবার মাধ্যমে এই বার্তা আদান-প্রদান পরিচালিত হবে। ফলে যে সংস্থা এআই এজেন্টটি পরিচালনা করছে তারা বার্তা গ্রহণ, প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করতে পারবে। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য আদান-প্রদানের আগে ব্যবহারকারীদের সংশ্লিষ্ট এজেন্টের গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলী ভালোভাবে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের থার্ড-পার্টি এজেন্ট ব্যবহারের নতুন শর্তাবলী অনুযায়ী, এই এজেন্টগুলো হোয়াটসঅ্যাপের নিজস্ব কোনো সেবা নয়; বরং এগুলো স্বাধীন সত্তা বা ডেভেলপারদের দ্বারা তৈরি ও পরিচালিত। নতুন ফিচারটি শুধু জেনারেটিভ এআই অ্যাসিস্ট্যান্টের জন্যই নয়, বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় সেবার কাজেও ব্যবহার করা যাবে। থার্ড-পার্টি ডেভেলপারদের তৈরি কোড ব্যবহার করে ব্যবহারকারীরা চাইলে নিজেদের এজেন্টের সাথে যুক্ত করতে পারবেন।
ফিচারটি বর্তমানে নির্দিষ্ট কিছু দেশের সীমিতসংখ্যক অ্যানড্রয়েড বেটা ব্যবহারকারীদের মধ্যে ধাপে ধাপে চালু করা হচ্ছে। এটি সাধারণ সকল ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
মতামত দিন