Views Bangladesh Logo

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা

বাংলাদেশে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া উদ্যোক্তাদের জন্য পেমেন্ট ব্যবস্থা আরও সহজ করতে যাচ্ছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে স্থানীয় মোবাইল আর্থিক সেবা বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি কয়েকজন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে মেটার অ্যাডস ম্যানেজারে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের পেমেন্ট অপশন দেখা গেছে। কেউ কেউ বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানা গেছে।

এতদিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা বিভিন্ন ব্যাংকিং প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো উদ্যোক্তাদের। এতে বিশেষ করে ক্ষুদ্র ও নতুন ব্যবসায়ীদের নানা ধরনের জটিলতার মুখে পড়তে হতো।

বিকাশ যুক্ত হলে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন দেওয়া আরও সহজ হতে পারে। আন্তর্জাতিক কার্ডের বিকল্প হিসেবে স্থানীয় একটি পেমেন্ট সেবা ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় বিজ্ঞাপনের অর্থ পরিশোধে সময় ও ঝামেলা দুটোই কমার সম্ভাবনা রয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মেটা। ফলে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে কবে এই সুবিধা বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য চালু হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে পরীক্ষা সফল হলে ভবিষ্যতে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশের ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ