দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে জানানো হয়, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলায় দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
শনিবার (৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, মৌলভীবাজার ও চাঁদপুর জেলা এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।
মতামত দিন