রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভিআইপি প্রোটোকল অনুসরণ করে গাড়িবহরটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরছিল। এ সময় একটি মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে। এতে বহরের কেউ আহত না হলেও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন।
তুরস্ক সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত টিকার একটি প্রকল্পের অধীনে মঙ্গলবার ঢাকায় আসেন ওজিল। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মর্তুজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে