বিরতিতে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
মেসির মিস করা পেনাল্টির হতাশা কাটিয়ে রেকর্ড গড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮তম মিনিটে ফাকুন্দো মেদিনার বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে চমৎকার ডামি দেন থিয়াগো আলমাদা। এতে বিভ্রান্ত হয়ে পড়ে অস্ট্রিয়ার রক্ষণভাগ। সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন মেসি। চোখজুড়ানো এই গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এই গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপে ২৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ১৭। এর আগে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন তিনি। এখন ক্লোসাকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি।
এদিন আরেকটি রেকর্ডেও নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করে ফ্রান্সের জ্যুস্ত ফন্তেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
তবে ম্যাচের শুরুটা ছিল হতাশার। নবম মিনিটে পাওয়া পেনাল্টি পোস্টের বাইরে মেরে বিশ্বকাপে সবচেয়ে বেশি, তিনটি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের করে নেন মেসি। কিন্তু প্রথমার্ধের শেষদিকে দুর্দান্ত গোলে সেই আক্ষেপ অনেকটাই ভুলিয়ে দেন তিনি।
প্রথমার্ধ শেষে অস্ট্রিয়ার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
মতামত দিন