মেসির জোড়া গোল-অ্যাসিস্টে ইন্টার মিয়ামির জয়
লিগস কাপে লিওনেল মেসির এক দুর্দান্ত পারফরম্যান্সে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমেই জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন এই আর্জেন্টাইন তারকা।
গত সপ্তাহে কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-২ ব্যবধানে ড্র হওয়া এমএলএস ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন মেসি, যদিও সেদিন তিনি কোনো গোলের দেখা পাননি। সান লুইসের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে তিনি আবার শুরুর একাদশে ফিরে আসেন।
এই ম্যাচে জোড়া গোলের মাধ্যমে ২০২৩ সালে বর্তমান ফরম্যাট চালু হওয়ার পর থেকে লিগস কাপের ইতিহাসে ১৪টি গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করলেন মেসি। ডেনিস বুয়াঙ্গার রেকর্ড ভেঙে টুর্নামেন্টে নিজের ১২টি ম্যাচের মধ্যে পঞ্চমবারের মতো একাধিক গোল করার কীর্তি গড়েন তিনি।
ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল ইন্টার মিয়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে দলকে সমতায় ফেরাতে বেশি সময় নেননি মেসি। সাত মিনিট পর অ্যালেনের বাড়ানো ক্রস থেকে এক দৃষ্টিনন্দন ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান তিনি, যা ২০২৬ বিশ্বকাপের পর ক্লাবের হয়ে তার প্রথম গোল।
২৬তম মিনিটে তেলাসকো সেগোভিয়া মিয়ামিকে এগিয়ে নেওয়ার পর বিরতির আগেই মেসি নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির কর্নার কিক থেকে চমৎকার হেডে চতুর্থ গোলটি করেন মিকায়েল।
বিরতির পর সান লুইসের হয়ে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ করলেও ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইন্টার মিয়ামির হাতেই ছিল। মাঝে ভারী বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ স্থগিত থাকলেও মিয়ামির জয় আটকায়নি।
আগামী ৯ আগস্ট মেক্সিকান পরাশক্তি মন্তেরেইয়ের মুখোমুখি হওয়ার আগে এই জয় দিয়ে লিগস কাপে শুভসূচনা করল ইন্টার মিয়ামি।
মতামত দিন