ফেরার ম্যাচে মেসির গোলে আইসল্যান্ডকে হারাল আর্জেন্টিনা
ইনজুরি থেকে ফিরে মাঠে নেমেই গোল করলেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তন ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি দারুণভাবে শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে প্রতিপক্ষকে চাপে রাখে লিওনেল স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে নামেন মেসি। মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন আর্জেন্টিনা অধিনায়ক। লাওতারো মার্টিনেজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
পরে ম্যাচের শেষ দিকে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোল করে জয় আরও নিশ্চিত করেন। পুরো ম্যাচে আর্জেন্টিনার দ্রুত পাসিং, আক্রমণাত্মক কাউন্টার অ্যাটাক ও সংগঠিত ফুটবল চোখে পড়ে।
আরও একাধিক সুযোগ পেলেও ব্যবধান আরও বড় করতে পারেনি আর্জেন্টিনা—বিশেষ করে লাওতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সুযোগ নষ্টের কারণে।
মেসির এই গোল বিশ্বকাপ প্রস্তুতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে। ২০২২ বিশ্বকাপে চারটি পেনাল্টি গোল করা এই তারকা ২০২৬ আসরে আর একটি পেনাল্টি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পেনাল্টি গোলদাতার রেকর্ড গড়বেন।
আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে