Views Bangladesh Logo

অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোলে নকআউট নিশ্চিত আর্জেন্টিনার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জিতিয়ে শেষ বত্রিশে তুলেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এককভাবে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

ডালাসে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন মেসি। ম্যাচের প্রথম দিকে পাওয়া পেনাল্টি পোস্টের বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। এরপর আরও কয়েকটি আক্রমণেও গোলের দেখা পাননি।

তবে ৩৮ মিনিটে সব আক্ষেপ ঘুচিয়ে দেন মেসি। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে থিয়াগো আলমাদার দুর্দান্ত ডামির পর বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। এই গোলেই বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে। এর মাধ্যমে ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেন তিনি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। নিকোলাস গনসালেসের একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অবশ্য দ্বিতীয় গোলও পেয়ে যান মেসি। অস্ট্রিয়ার বক্সে কয়েক দফা প্রতিহত হওয়ার পর ফিরতি বলে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। তাতে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।

এই জয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ বত্রিশে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা। একই সঙ্গে টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ফ্রান্সের জ্যুস্ত ফঁতেন ও ব্রাজিলের জাইরজিনিয়োর রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি।

যদিও ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত জোড়া গোল করে সেই হতাশাকে ছাপিয়ে গেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ