মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সাফল্যের মুকুটে আরেকটি রঙিন পালক যুক্ত হলো। ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন তিনি।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে একটি জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছে। ব্যালন ডি’অরের দৌঁড়ে ৩৬ বছর বয়সী মেসি পেছনে ফেলেছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং পিএসজি ও ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। ইন্টার মায়ামির খেলোয়াড় মেসির হাতে ব্যালন ডি’অর তুলে দেন ওই ক্লাবেরই মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজির হয়ে মোট সাতবার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১) ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। অথচ গত বছর ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে মনোনয়ন পাওয়া ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেই ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে গতবছর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর সুবাধে এবার ব্যালন ডি’অর নিজেদের করে নিলেন মেসি। মেসির মতো এতো ব্যালন ডি’অর আর কারো নেই। পাঁচটি ব্যালন ডি’অর জিতে এই তালিকাই দুইয়ে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে