Views Bangladesh Logo

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ নকশার জার্সি উন্মোচন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিদায়ী সেই ম্যাচকে সামনে রেখে বিশেষ নকশার ১০ নম্বর জার্সির প্রথম ঝলকও দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে মেসিকে নিজের বিশ্বকাপের জার্সি খুলে বিশেষ নকশার ১০ নম্বর জার্সি দেয়ালে ঝুলিয়ে দিতে দেখা যায়। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘আর মাত্র একটি ম্যাচ… একটি জার্সি আজীবনের।’

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো এই বিশেষ জার্সি পরে মাঠে নামবেন মেসি। ম্যাচটিকেই আর্জেন্টিনার হয়ে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি হিসেবে ধরা হচ্ছে।

চলতি আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ রয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ওই দুটি ম্যাচে মেসি খেলবেন না।

মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজনের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের মনুমেন্টালে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে দীর্ঘদিনের সতীর্থদের সঙ্গে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়ে উঠতে পারে বিশেষ এক পুনর্মিলনী। যাদের সঙ্গে নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বকাপের ট্রফি জিতেছিলেন তিনি, সেই সতীর্থরাই থাকবেন বিদায়ের মুহূর্তের সাক্ষী।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জাতীয় দলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। আর্জেন্টিনার হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ