Views Bangladesh Logo

বিশ্বকাপ ফাইনালের পরে প্রথমবার জনসমক্ষে মেসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর জনসমক্ষে দেখা দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে খেলোয়াড় হিসেবে নয়, পরিবারের ক্লাব লিওনেস এফসির ম্যাচের দর্শক হয়ে স্টেডিয়ামে হাজির হন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় গিয়ে রোজারিওতে সময় কাটাচ্ছেন মেসি। শনিবার সন্ধ্যায় রোজারিওর অরোইয়ো সেকোতে লিওনেস এফসির ম্যাচ দেখতে স্টেডিয়ামে যান তিনি।

লিওনেস এফসি ক্লাবটি প্রতিষ্ঠা করেছে মেসির পরিবার। ক্লাবটির সভাপতি তার বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে দলটি আর্জেন্টিনার চতুর্থ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে জানা গেছে।

আর্জেন্টাইন রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিওর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ব্যালকনিতে দাঁড়িয়ে ম্যাচ দেখছিলেন মেসি। এ সময় তার পরনে ছিল কালো রঙের একটি হুডি। অন্যদিকে স্টেডিয়ামের উপস্থিত দর্শক তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। জবাবে হাসিমুখে তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মেসি।

রেডিও স্টেশনটি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘মেসি অরোইয়ো সেকোতে এসেছিলেন। কাদেনা ৩-এর জন্য তিনি একটি বিশেষ শুভেচ্ছা রেখে গেছেন। লিওনেসের ম্যাচ দেখতে লিওনেল মেসি অরোইয়ো সেকোতে উপস্থিত ছিলেন।’

গত ১৯ জুলাই সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর এটাই জনসমক্ষে মেসির প্রথম উপস্থিতি। বিশ্বকাপ মিশন শেষে আর্জেন্টিনার অন্য ফুটবলারদের সঙ্গে একই বিমানে ফিরে আসেননি মেসি। তাঁরা পৌঁছানোর দুই দিন পর তিনি আর্জেন্টিনায় ফিরে আসেন। এছাড়া গত কয়েক দিন তাঁকে বাড়ির বাইরে কোথাও দেখা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ