মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না মায়ামি
লিওনেল মেসির চোখধাঁধানো গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। দলের একটি গোল করেন মেসি, অন্যটি আসে আত্মঘাতী গোল থেকে। ন্যাশভিলের হয়ে দুটি গোলই করেন স্যাম সারিজ।
এই ড্রয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে মায়ামি। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি।
দুই শীর্ষ দলের লড়াইয়ে শুরু থেকেই মায়ামির আধিপত্য ছিল বেশি। ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ গড়ে তারা।
তবে ম্যাচের চতুর্থ মিনিটেই ন্যাশভিলকে এগিয়ে দেন সারিজ। ১৯ মিনিটে সমতা ফেরায় মায়ামি। মেসির নেওয়া কর্নার ঠেকাতে গিয়ে বল নিজেদের জালে পাঠিয়ে দেন রিড বেকার-হুইটিং।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মেসির জাদু দেখা যায়। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে ন্যাশভিলের গোলরক্ষককে পরাস্ত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। চলতি লিগে এটি মেসির ১৯তম গোল। আর মায়ামির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ৯৯-এ।
মেসির গোলের পর জয়ের পথেই ছিল মায়ামি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে আবারও গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান সারিজ। শেষ মুহূর্তে মায়ামির হয়ে জয়সূচক গোলের সুযোগও এসেছিল। রদ্রিগো দে পলের শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় মায়ামিকে।
শেষ পর্যন্ত মেসির দুর্দান্ত গোলও মায়ামিকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি। শীর্ষস্থানীয় ন্যাশভিলের বিপক্ষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
মতামত দিন