Views Bangladesh Logo

মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়ে ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় ফ্লোরিডার ক্লাবটি।

রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও বিরতির পর জমে ওঠে লড়াই।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলায় ফেইনগোল্ডের সহায়তায় বল পেয়ে জালে পাঠান তিনি। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় মায়ামি।

ম্যাচের ৬৯ মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত ব্যাকহেড থেকে পাওয়া বলে হেড করে গোল করেন জার্মান বেরতেরামে। এতে ১-১ সমতায় ফেরে সফরকারীরা। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান বেরতেরামে। আর মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ১৬-তে।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের জাদু দেখান আর্জেন্টাইন অধিনায়ক। বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের একাধিক রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে নেন তিনি। তাঁর এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

ম্যাচের শেষ দিকে নিউ ইংল্যান্ড সমতায় ফেরার সুযোগ পেলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় তাদের একটি গোল বাতিল হয়। ফলে মেসির গোলেই নিশ্চিত হয় মায়ামির জয়।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৫৮ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। নিয়মিত মৌসুমে আর একটি ম্যাচ বাকি থাকতেই ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা নিশ্চিত করেছে মায়ামি।

ম্যাচ শেষে মেসির ভূয়সী প্রশংসা করেন মায়ামির কোচ। তাঁর মতে, বয়স বাড়লেও মাঠে মেসির পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই। দলের প্রতি তাঁর নিবেদন ও সতীর্থদের সঙ্গে আচরণও অনুকরণীয়। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসির এমভিপি ও ব্যালন ডি'অর পাওয়ার যোগ্যতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ