ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জন্য মেসির আবেগঘন বার্তা
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও মানবিক বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক; বিশেষ সহমর্মিতা জানিয়েছেন নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা মানুষদের প্রতিও।
শনিবার (৪ জুলাই) গ্রাউন্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এর আগে গত ২৬ জুন অল্প সময়ের ব্যবধানে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.২; এর মাত্র ৪০ সেকেন্ড পর আঘাত হানে ৭.৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন। সবশেষ খবর অনুযায়ী, এ দুর্যোগে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় ৩ হাজারে পৌঁছেছে।
এমন বিপর্যয়ের মুখে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মেসি বলেন, ‘ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরাও চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।’
নিখোঁজ প্রিয়জনদের খোঁজে অনিশ্চয়তায় দিন কাটানো মানুষদের কথা আলাদা করে উল্লেখ করে এই মহাতারকা বলেন, ‘যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।’
সবশেষে ভেনেজুয়েলার মানুষকে মনোবল না হারানোর আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘এখান থেকে ভেনেজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।’
মতামত দিন