Views Bangladesh Logo

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, তবু জয় পেল না মায়ামি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তৃতীয় ম্যাচে মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার এই গোলও ইন্টার মায়ামিকে জয়ের পথে ফেরাতে পারেনি। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকালে ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া সুবারু পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১০ মিনিট পর ড্যানিয়েল পিন্টারের গোলে সমতা ফেরায় মায়ামি।

এরপর ২৬ মিনিটে ম্যাচের আলো কেড়ে নেন মেসি। ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে কোণাকুণি বল পাঠান জালে। গোলরক্ষকের নাগালের বাইরে থাকা সেই শটে এগিয়ে যায় মায়ামি। চলতি এমএলএসে এটি মেসির ১৩তম গোল। ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন এফসি ডালাসের পিটার মুসা।

তবে দ্বিতীয়ার্ধে সেই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে আবার সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত দুই দলই একাধিক আক্রমণ করলেও আর কোনো গোল হয়নি। ফলে টানা তিন ম্যাচে হারের পর এক পয়েন্ট পেল মায়ামি, যদিও জয়হীন থাকার ধারা বেড়ে দাঁড়িয়েছে চার ম্যাচে।

ম্যাচের পরিসংখ্যানেও ফিলাডেলফিয়ার আক্রমণাত্মক আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে পিছিয়ে থাকলেও স্বাগতিকরা গোলমুখে ১৭টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। মায়ামি শট নেয় মাত্র পাঁচটি, এর মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। যোগ করা সময়ে ফাউলকে কেন্দ্র করে উত্তেজনার একপর্যায়ে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখেন।

গত ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। এরপর বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কৈশোর থেকে মেসির ফুটবল ক্যারিয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন হোর্হে। ছেলের এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

এই ড্রয়ের পরও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এসসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ