Views Bangladesh Logo

ব্যালন ডি’অরে ফিরলেন মেসি, ঠাঁই হলো না রোনালদোর

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’-এর ৩০ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এবারের তালিকায় যেমন বিশ্বফুটবলের বড় তারকারা জায়গা পেয়েছেন, তেমনি বেশ কয়েকজন তারকার অনুপস্থিতিও চমক তৈরি করেছে।

তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও হ্যারি কেইনের মতো তারকারা। ২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অর জেতা মেসি দুই বছর পর আবারও মনোনয়ন পেয়েছেন। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালও রয়েছেন তালিকায়। এ ছাড়া পিএসজির হয়ে আলো ছড়ানো উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজও জায়গা করে নিয়েছেন।

তবে এবারের তালিকার সবচেয়ে বড় চমক ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহর অনুপস্থিতি। সৌদি প্রো লিগের আল-নাসরের পর্তুগিজ তারকা রোনালদো এবার ৩০ জনের তালিকায় নেই। একইভাবে জায়গা হয়নি মিসরের তারকা সালাহরও।

সৌদি প্রো লিগ থেকে অবশ্য দুজন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। তারা হলেন আল-নাসরের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে এবং আল-কাদসিয়ার মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। অন্যদিকে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির মতো তারকারাও এবার তালিকায় জায়গা পাননি।

আগামী ২৬ অক্টোবর প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ব্যালন ডি’অরের পাশাপাশি বর্ষসেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফি, সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি, সেরা কোচ ও সেরা ক্লাবের পুরস্কারও দেওয়া হবে।

ব্যালন ডি’অরের ৩০ মনোনীত
জুড বেলিংহাম, পাউ কুবারসি, উসমান দেম্বেলে, মার্ক কুকুরেয়া, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, লামিনে ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিওস, লাওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়াম পাচো, হুলিয়ান কিনিয়োনেস, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ