Views Bangladesh Logo

অবসরের পর প্রথমবার জনসমক্ষে মেসি, পাশে স্ত্রী-সন্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল লিওনেল মেসিকে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সময় কাটানোর পাশাপাশি সন্তানদের খেলা দেখতে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে মেসির সন্তানরা মাঠে খেলছিল। সেখানেই দর্শকসারিতে ছিলেন মেসি। পরনে ছিল স্বাভাবিক পোশাক, পায়ে জুতা ছিল না। হাতে ছিল তাঁর পরিচিত মাতের পাত্র। পাশে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে ফ্লোরিডায় সময় কাটাতে মেসিকে নিয়মিতই দেখা গেছে। তবে এবারের উপস্থিতির তাৎপর্য আলাদা। গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টিনার জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন তিনি। এরপর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি।

মেসির অবসরের ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে, বিদায়ের আগে কি আর একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন তিনি? আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন অন্তত দুই থেকে তিনটি ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মেসিকে বিদায় জানাতে বিশেষ ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুয়েনস এইরেস, কর্দোবা ও রোসারিওর সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনা চলছে। তবে এসব ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এরই মধ্যে মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে সম্মান জানাতে দেশের ঘরোয়া ফুটবলেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আর্জেন্টিনার ১১ জনের ফুটবল, ফুটসাল ও বিচ সকারের বিভিন্ন ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট শেষ হওয়ার পর এক মিনিট খেলা থামিয়ে মেসিকে সম্মান জানানোর পরিকল্পনা করা হয়েছে। ওই সময়ে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকেরা করতালির মাধ্যমে আর্জেন্টাইন তারকাকে শ্রদ্ধা জানাবেন।

কোপা আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে এরই মধ্যে সেই শ্রদ্ধা প্রদর্শনের দৃশ্য দেখা গেছে। গ্যালারিতে থাকা দর্শকেরা করতালি, পতাকা, গান ও স্লোগানের মাধ্যমে মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ