এমএলএস কাপ জয়: হোয়াইট হাউসে সংবর্ধনা পেলেন মেসি ও ইন্টার মায়ামি
প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জয়ের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির খেলোয়াড়দেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ামির ফুটবলাররা।
অনুষ্ঠানে মেসিকে মঞ্চে পাশে নিয়ে তার ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামির সাথে মেসির চুক্তিবদ্ধ থাকা এবং টানা দুইবার এমএলএস-এর 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' হওয়ার বিষয়টিকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেসি তার ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছেন, যা ফুটবল ইতিহাসের যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ রেকর্ড। বিশ্বের যেকোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মিয়ামিকে বেছে নেওয়ায় মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনি চাইলে পৃথিবীর যেকোনো প্রান্তে, যেকোনো দলে যেতে পারতেন; কিন্তু আপনি মিয়ামিকেই বেছে নিয়েছেন।”
বক্তব্য চলাকালীন মেসিকে কিংবদন্তি ফুটবলার পেলের সাথে তুলনা করে ট্রাম্প বলেন, “আমি পেলেকে খেলতে দেখেছি। আপনি পেলের চেয়েও সেরা হতে পারেন।”
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা ২০২৩ সালে বার্সেলোনা এবং পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হোয়াইট হাউস সফরের স্মৃতি হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি ফুটবল উপহার দেন মেসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে