বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে মেসি
লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের পাশে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তবে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ৭৬তম মিনিটে, যখন দুর্দান্ত এক আক্রমণ থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
গোলটির শুরুটাও ছিল মেসির পা থেকেই। বক্সের বাইরে থেকে নিকোলাস গঞ্জালেসকে বল বাড়িয়ে দ্রুত পেনাল্টি বক্সের সামনে জায়গা করে নেন তিনি। গঞ্জালেসের রিটার্ন পাস নিয়ন্ত্রণে নিয়ে এক স্পর্শেই আলজেরিয়ার রক্ষণভাগকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে কানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজের রেকর্ড স্পর্শ করেন তিনি। একই সঙ্গে এটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
এর আগে দ্বিতীয় গোলের পর থেকেই হ্যাটট্রিকের খোঁজে ছিলেন মেসি। ৬৬তম মিনিটে একক প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করলেও আলজেরিয়ার গোলরক্ষক তা প্রতিহত করেন। তবে শেষ পর্যন্ত আর তাকে থামানো যায়নি।
হ্যাটট্রিক পূর্ণ করার তিন মিনিট পরই মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। তার পরিবর্তে মাঠে নামেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান আর্জেন্টাইন মহাতারকাকে।
ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে রিয়াদ মাহরেজের নেতৃত্বাধীন আলজেরিয়া কয়েকটি পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার সংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সামনে সফল হতে পারেনি।
মতামত দিন