শিশুদের ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দিলেন মেসি
পাঁচ বছর আগে ২০২১ সালে ভালোবাসার নগরী বার্সেলোনা ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কিন্তু সেই শহরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর টান এখনো এতটুকু কমেনি। তাই এবার বার্সেলোনায় শিশুদের জন্য বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল তৈরিতে বিশাল অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন মেসি।
ফরাসি সংবাদমাধ্যম 'ফুট মার্কাটো'-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিজের দাতব্য সংস্থা 'মেসি ফাউন্ডেশন' এর মাধ্যমে এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্পে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকারও বেশি। নির্মাণাধীন এই বিশ্বমানের হাসপাতাল কমপ্লেক্সটি শিশুদের ক্যানসার নিরাময়ে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
ফুটবল বিষয়ক প্রভাবশালী মাধ্যম 'গোল'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বার্সেলোনায় বাস্তবায়িত হতে যাওয়া এই চিকিৎসাকেন্দ্রটির নাম ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’। শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মিত এই হাসপাতালের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো। বিশাল এই স্বাস্থ্যকেন্দ্রটি মোট ৫ হাজার ১৩৭ বর্গমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হবে। হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে প্রতি বছর অন্তত ৪০০ জন ক্যানসার আক্রান্ত শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্যান্সারে আক্রান্ত শিশুদের সব ধরনের স্বাস্থ্যসেবা একই ছাদের নিচে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মেসি ফাউন্ডেশন ছাড়াও স্তাভ্রোস নিয়ার্কোস ফাউন্ডেশন ও বার্সা ফাউন্ডেশন যৌথভাবে প্রকল্পটিতে সহযোগিতা করছে বলে জানিয়েছে এফসি বার্সেলোনা। এই প্রকল্পের তহবিল সংগ্রহে বিভিন্ন করপোরেট সংস্থা ও ব্যক্তিগত দাতারাও অবদান রাখছেন।
মেসি ফাউন্ডেশনের নিজস্ব তথ্যমতে, এর আগেও একাধিক প্রকল্পে অর্থায়ন করেছেন মেসি। এর মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া বিষয়ক গবেষণায় সহায়তা, তাঁর জন্মশহর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি নিরসনে পরিচালিত একটি কর্মসূচিতে সহায়তা।
মাঠের বাইরে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের ভালোবাসার প্রতিদান হিসেবে বারবার বিভিন্ন মানবিক প্রকল্পে সহায়তা করে করে আসছেন তিনি। মাঠের বাইরের দাতব্য কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এটি তারই সর্বশেষ উদাহরণ।
মতামত দিন