Views Bangladesh Logo

ডিজিটাল দুনিয়াতেও নতুন কীর্তি গড়লেন মেসি, ছাড়ালেন ১০ বিলিয়ন ইমপ্রেশন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মাঠের রাজত্বের পর এবার ডিজিটাল দুনিয়াতেও নতুন কীর্তি গড়লেন লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন সামাজিক মাধ্যমে ১০ বিলিয়নের বেশি ইমপ্রেশন অতিক্রমকারী প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

টিউবুলার ল্যাবসের তথ্যের ভিত্তিতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল প্রেডিকশন মার্কেট অ্যাকাউন্ট কালশি স্পোর্টস প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মেসি বিশ্বকাপ চলাকালীন সব মিলিয়ে ১১ দশমিক ৮ বিলিয়ন সামাজিক মাধ্যম ইমপ্রেশন তৈরি করেছেন, যা তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ৪ দশমিক ৭ বিলিয়নের দ্বিগুণেরও বেশি। এই বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে সামগ্রিক তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন পর্তুগিজ তারকা।

প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুন টুর্নামেন্ট শুরুর পর থেকে সামাজিক ভিডিও প্ল্যাটফর্মগুলোতে বিশ্বকাপ-সংক্রান্ত কনটেন্ট ইতিমধ্যে ১৪৬ দশমিক ৮ বিলিয়ন ভিউ তৈরি করেছে; যা বিশ্বকাপ ইতিহাসে সামাজিক মাধ্যম সম্পৃক্ততার এক অভূতপূর্ব রেকর্ড। ইউটিউবেও আলোচনার শীর্ষে আছেন এই দুই মহাতারকা। মেসি ও রোনালদো যথাক্রমে ৬ দশমিক ২ বিলিয়ন এবং ৫ বিলিয়ন বিশ্বকাপ-সংশ্লিষ্ট ভিউ নিয়ে ইউটিউবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন।

শুধু তারকা ফুটবলারই নন, কনটেন্ট নির্মাতারাও এবারের বিশ্বকাপে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। বেলজিয়ান কনটেন্ট নির্মাতা সেলিন ডেপ্ট ফিফার নিজস্ব অ্যাকাউন্ট বাদে প্রায় সব ইউটিউব ক্রিয়েটরকে ছাড়িয়ে গেছেন, টুর্নামেন্ট শুরুর পর থেকে যার ভিউ সংখ্যা ১ দশমিক ৬ বিলিয়ন। এ ছাড়া ইনফ্লুয়েন্সার আইশোস্পিডের একটি ম্যাচ-পরবর্তী রিক্যাপ ভিডিও মাত্র তিন দিনে ২০২ মিলিয়নের বেশি ভিউ পেয়ে টুর্নামেন্টের সর্বাধিক দেখা একক ভিডিওর মর্যাদা পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মাঠে ধারাবাহিক গোল ও রেকর্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে মেসির এই আধিপত্য প্রমাণ করে, বয়স চল্লিশের কাছাকাছি পৌঁছেও বিশ্ব ফুটবলে তার আবেদন এতটুকু কমেনি। বরং সম্ভাব্য শেষ বিশ্বকাপ ঘিরে তাকে নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ ও আবেগ যেন আরও তীব্র হয়ে উঠেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ