Views Bangladesh Logo

মর্যাদাপূর্ণ স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ বাড়াতে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদো শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

গত জুনে ২০২৬ সালের এই পুরস্কারের জন্য মেসির নাম ঘোষণা করা হয়। বিচারকমণ্ডলী তাঁকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁর অসাধারণ ক্রীড়াজীবন ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উত্তর স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে মেসির উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ব্যাগপাইপ ও ঢোলের বাদ্যের মধ্যে অনুষ্ঠানে পৌঁছালে আর্জেন্টিনার জার্সি পরা ভক্তরা তাঁকে স্বাগত জানান এবং তাঁর নামে স্লোগান দেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর মেসির হাতে পুরস্কার তুলে দেন। মেসির দীর্ঘ ক্রীড়াজীবনের প্রশংসা করে তিনি বলেন, মাঠের পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে মেসি অসাধারণ কীর্তিকে নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের চেয়ে দলীয় চেতনাকে গুরুত্ব দিয়েছেন তিনি।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মেসি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে দীর্ঘ সময় খেলেছেন এই ফরোয়ার্ড। স্প্যানিশ ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই বছর প্যারিস সাঁ জার্মেইয়ে খেলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসির দখলে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য, একটি ভাস্কর্য, সনদ ও পদক।

এ বছর অন্যান্য বিভাগে পুরস্কার পেয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন নভোচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীতশিল্পী প্যাটি স্মিথসহ বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে ক্রীড়া বিভাগে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন এ পুরস্কার পেয়েছেন।

**তথ্যসূত্র:** প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন, এএফপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ