কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত খোকন ওরফে লেংড়া খোকন উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপির কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বিজয়পুর বাজারের একটি লাইব্রেরির সামনে ওই নারী ঘুমিয়ে ছিলেন। পরে গভীর রাতে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। শনিবার সকালে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
বারপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বলেন, খোকন দলের কোনো পদধারী নেতা নন; তিনি একজন কর্মী।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত পদক্ষেপে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে সিসিটিভি ফুটেজ পাওয়ার পর অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান চালায়। তবে এর আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
ওসি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন