২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে হকিতে যেখানে সাধারণত বড় জয়ই প্রত্যাশিত থাকে, সেখানে এবার উল্টো ফল দেখল বাংলাদেশ। শুক্রবার থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ।
এই হারের মাধ্যমে ২০০৬ সালের পর প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারল বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটে গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান বাংলাদেশের আশরাফুল। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবার লিড নেয় শ্রীলঙ্কা। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও চতুর্থ কোয়ার্টারে ৪ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে ৩-১ করে প্রতিপক্ষ।
এর এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আমিরুল। তবে শেষ ১১ মিনিটে আর সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ ছয়টি পেনাল্টি কর্নার পেলেও মাত্র একটি থেকে গোল করতে সক্ষম হয়। অন্যদিকে শ্রীলঙ্কা একমাত্র পেনাল্টি কর্নার পেলেও তা থেকে গোল পায়নি।
ম্যাচ শেষে প্রধান কোচ আতিকুজ্জামান বলেন, ‘ডিপ ডিফেন্স ও মার্কিংয়ে সমস্যা ছিল। টানা দুই দিন গরমে খেলার প্রভাবও পড়েছে। কোচ হিসেবে আমি এই হারের দায় নিচ্ছি।’
এশিয়ান গেমস বাছাইয়ে এই ফলের পর বাংলাদেশের পরবর্তী ধাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গ্রুপে শ্রীলঙ্কা ইতোমধ্যে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। শেষ ম্যাচে চাইনিজ তাইপে শ্রীলঙ্কাকে হারালে সমীকরণ আরও জটিল হবে।
এ অবস্থায় সেমিফাইনাল ও এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশকে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে।
তবে কোচ আশাবাদী, ভুলগুলো শুধরে উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে দল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে