Views Bangladesh Logo

সংখ্যালঘুদের নিরাপত্তা ও চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে কলকাতায় বাংলাদেশ মিশনে স্মারকলিপি প্রদান

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে স্বামী চিন্ময় কৃষ্ণের মুক্তি এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ভারতের দুটি সংগঠন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টির কর্মী-সমর্থকেরা এ কর্মসূচি পালন করেন।

প্রায় ১০০ জনের অংশগ্রহণে মিছিলটি শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছাকাছি এলাকায় পৌঁছালে পুলিশ সেটি আটকে দেয়। পরে বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধিকে চ্যান্সারিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সারি ও দ্বিতীয় সচিবের কাছে সংগঠন দুটির পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে স্বামী চিন্ময় কৃষ্ণের বিষয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দুর্গাপূজাসহ পরবর্তী সময়েও মন্ত্রী ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।

স্মারকলিপি দেওয়ার সময় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত বাজেট বরাদ্দ এবং পূজার ছুটি পাঁচ দিন পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান সংগঠন দুটির প্রতিনিধিরা। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বানুমতি ও প্রয়োজনীয় অনুমোদন নিয়েই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ মিশনের পক্ষ থেকেও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বামী চিন্ময় কৃষ্ণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ