Views Bangladesh Logo

ডেটিং অ্যাপে পরিচয়, এবার বিয়ের পিঁড়িতে স্পাইস গার্ল মেল সি

বহু বছর ধরে বিয়ে না করার কথা বলে এলেও শেষ পর্যন্ত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন স্পাইস গার্লসের সাবেক সদস্য মেল সি। ৫২ বছর বয়সী এই ব্রিটিশ সংগীতশিল্পী চলতি সপ্তাহেই অস্ট্রেলীয় মডেল ক্রিস ডিংওয়ালকে বিয়ে করতে যাচ্ছেন।

দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে স্পাইস গার্লসের অন্য সদস্য—ভিক্টোরিয়া বেকহ্যাম, মেল বি, এমা বান্টন ও গেরি হর্নারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেল সি-র বিয়ের খবরে তার সাবেক ব্যান্ডসঙ্গীরাও দারুণ উচ্ছ্বসিত।

মেল সি দীর্ঘদিন ধরে বলে এসেছেন, তিনি কখনো বিয়ে করবেন না। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রেমিক ক্রিস ডিংওয়ালকে নিয়ে নিজের অবস্থান বদলের ইঙ্গিত দেন তিনি।

সেসময় মেল সি বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি বিয়ে আমার জীবনের অংশ হবে। কিন্তু আমি ক্রিসের সঙ্গে খুব সুখে আছি। হয়তো বিয়েও আমার জীবনের অংশ হতে পারে।’

২০২৪ সালে মেল সি প্রথম প্রকাশ্যে জানান, তার সঙ্গে ক্রিস ডিংওয়ালের সম্পর্ক রয়েছে। দুজনের পরিচয় হয়েছিল জনপ্রিয় সেলিব্রিটি ডেটিং অ্যাপ রায়া'তে।

ক্রিস ডিংওয়াল একজন অস্ট্রেলীয় মডেল, অভিনেতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিভিন্ন আন্তর্জাতিক মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করেছেন এবং একাধিক ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারণায় অংশ নিয়েছেন।

মেল সি ১৯৯০-এর দশকের শেষদিকে বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়া ব্রিটিশ পপ গার্ল ব্যান্ড স্পাইস গার্লস-এর সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেন। ব্যান্ডে তিনি ‘স্পোর্টি স্পাইস’ নামে পরিচিত ছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ