অস্কার দৌড়ে বাংলাদেশের ‘রইদ’
৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার পর ছবিটিকে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এর আগে অস্কারের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি জহিরুল ইসলাম কচি এ ঘোষণা দেন।
অস্কারের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
পরবর্তীতে ‘মানুষের বাগান’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি চারটি চলচ্চিত্রের মধ্য থেকে ‘রইদ’কে নির্বাচিত করা হয় বলে কমিটি জানিয়েছে।
‘রইদ’ পরিচালনা করেছেন ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষী, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অন্যরা। চলতি বছর ভিয়েতনামের চতুর্থ দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা ছবির পুরস্কারও পেয়েছে চলচ্চিত্রটি।
অস্কার বাংলাদেশ কমিটিতে জহিরুল ইসলাম কচির সঙ্গে সদস্য হিসেবে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। কমিটির সদস্যরা জমা পড়া চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে সম্মিলিত আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের পক্ষ থেকে ‘রইদ’ নির্বাচন করেন।
মতামত দিন