ব্রাজিলের বিদায়ে স্টেডিয়ামে বসে মেহজাবীনের উচ্ছ্বাস
ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গ্যালারিতে বসেই প্রিয় দল নরওয়ের জয় উদযাপন করেন তিনি।
ম্যাচ দেখতে নরওয়ের জার্সি গায়ে স্টেডিয়ামে হাজির হন মেহজাবীন। ব্রাজিল বিদায় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে আনন্দে চিৎকার করে ‘বাই বাই ব্রাজিল’ বলতে এবং নাচতে দেখা যায়।
মূলত উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাঙালি আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের (এনএবিসি)-এর ৪৬তম আসরে অংশ নিতে নিউইয়র্কে গেছেন মেহজাবীন। চার দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী, নির্মাতা, লেখক এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন।
এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী, ইমন, মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, পায়েল সরকারসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত মুখ।
সম্মেলনের ব্যস্ততার মধ্যেও ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগের সুযোগ হাতছাড়া করেননি মেহজাবীন। এনএবিসিতে অংশ নেওয়ার পাশাপাশি স্টেডিয়ামে বসে নরওয়ের ঐতিহাসিক জয়ও উপভোগ করেন তিনি।
মতামত দিন