Views Bangladesh Logo

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মেহজাবিনের প্রথম ছবি ‘সাবা’

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে মেহজাবিন চৌধুরীর প্রথম ছবি ‘সাবা’।  উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে  ছবিটি।

আগামী ২ থেকে ১১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসান সিটিতে বসবে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবটির ২৯তম আসর।

১৪ বছরের টিভি অভিনয় ক্যারিয়ারের ধারাবাহিকতায় মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে মেহজাবিন চৌধুরীর। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন তিনি।

ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান এবং পরিচালক মাকসুদ হোসেন নিজেই। ২৫ বছরের তরুণী সাবাকে ঘিরে আবর্তিত ছবিটির গল্প, যিনি তার পক্ষাঘাতগ্রস্ত মা শিরিনের দেখভাল করেন। একটি দুর্ঘটনার পর হাঁটতে অক্ষম শিরিন। স্বাস্থ্যের অবনতির সাথে সাথে চাহিদাও বাড়তে থাকে তার। মায়ের যত্ন নেওয়াসহ জীবিকা নির্বাহের দায়িত্বগুলো কাঁধে তুলে নেওয়ায় প্রতিদিনের যন্ত্রণা কখনোই শেষ হবার নয় বলে মনে হতে থাকে মেয়ে সাবা’র।

শিরিনের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জনে চাকরি চাইতে সাবা অঙ্কুরের সাথে দেখা করেন, যিনি তার জীবনে আশার আলো নিয়ে আসেন। সাবা যখন তার মায়ের আসন্ন মৃত্যু অনুভব করেন, তখন অপ্রতিরোধ্য যন্ত্রণার এই মুহূর্তটি তার আপাতদৃষ্টিতে অন্তহীন জীবনচক্রের সমাপ্তিরও ইঙ্গিত দেয়।

‘সাবা’ ছবিতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

গত ৭ সেপ্টেম্বর কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে ‘সাবা’- এর প্রিমিয়ার প্রদর্শনী প্রশংসা পায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ