Views Bangladesh Logo

মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনের (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা নদীর শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজের নিচ থেকে নিখোঁজের চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। ট্রলারডুবির ঘটনায় দুর্ঘটনাজনিত একটি মামলা হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ও শনিবার সকালে সোনারগাঁয়ের মেঘনা নদী থেকে একই পরিবারের নিখোঁজ তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন হেলাল উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (১৭), দুই ছেলে সজীব হোসেন (২৪) ও সামিন হোসেন (৫)। এ ছাড়া দুর্ঘটনার দিন রাশিদা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।

নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হন ১৩ আত্মীয়স্বজন। ট্রলারটিতে দুটি গরু ও একটি খাসিও ছিল।

সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কারখানার কাছে পৌঁছালে নদীতে ঝোড়ো বাতাস শুরু হয়। এতে বড় ঢেউ সৃষ্টি হয়ে ট্রলারে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কারখানার একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আটজনকে জীবিত উদ্ধার করে। প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তখন চারজন নিখোঁজ ছিলেন। পরে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এ ঘটনায় নিখোঁজ সবাইকে উদ্ধার করা হলো।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রলারটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হয়েছিল। এতে ১৩ জন যাত্রীর পাশাপাশি দুটি গরু ও একটি খাসি ছিল। ওই অবস্থায় নদী পার হওয়ার সময় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। এ ছাড়া দুর্ঘটনার সময় পাশে থাকা একটি নৌযান সহযোগিতার চেষ্টা করলেও ট্রলারের মাঝি সেই সহযোগিতা নেননি বলে অভিযোগ রয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ