Views Bangladesh Logo

উন্নয়নের নামে দেশের ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: আমিনুল হক

আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) সিলেট স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, বিগত সরকারের মেগা দুর্নীতির কারণে স্টেডিয়ামটির এই দশা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদানের মহতি উদ্যোগের পর এবার দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেটির যাত্রা শুরু হবে সিলেট থেকে।

সিলেট স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতির ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার কারণে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’

অবিলম্বে স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবে, সরকার তাদের বিশেষ ক্রীড়া বৃত্তি প্রদান করবে।

এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

খেলোয়াড়দের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে আমিনুল হক বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতিমধ্যে ১২৯ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড় এই ভাতার আওতায় আসবেন।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ