Views Bangladesh Logo

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে পরীক্ষা করাতে হবে। নির্ধারিত তারিখের আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা পালন ও সক্ষমতা বিবেচনায় তালিকায় নতুন প্রতিষ্ঠান যুক্ত হতে পারে, আবার কোনো প্রতিষ্ঠান বাদও পড়তে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষার ফল গ্রহণ করা হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে অভিবাসন ছাড়পত্রের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে না। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবে না।

মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি আগাম মেডিকেল পরীক্ষার কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটির ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।

অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল করে জানানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ