Views Bangladesh Logo

চলে গেলেন চিকিৎসাবিজ্ঞানী ও লেখক শুভাগত চৌধুরী

না ফেরার দেশে চলে গেছেন স্বনামধন্য চিকিৎসাবিজ্ঞানী ও জনপ্রিয় লেখক অধ্যাপক ডাঃ শুভাগত চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি)সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায়, দীর্ঘ প্রায় ৮ বছর মাল্টিপল মায়েলোমা নামক রক্তের ক্যানসার রোগে ভুগছিলেন তিনি।

শুভাগত চৌধুরীর ভাই অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভাগত চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অরূপ রতন চৌধুরী আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং পরে সেখানকার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন শুভাগত চৌধুরী। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বারডেমসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। চিকিৎসাবিজ্ঞানের লেখক হিসেবে তিনি দেশি-বিদেশি পত্র-পত্রিকা এবং চিকিৎসাবিজ্ঞান জার্নালে অনেক প্রবন্ধ লিখেছেন। এছাড়া চিকিৎসাবিজ্ঞানের কয়েকটি পাঠ্যপুস্তক বাংলায়ও অনুবাদ করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮টি।

তা ছাড়াও ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করা শুভাগত চৌধুরী বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেরে বাংলা জাতীয় পুরস্কার-২০০৯ লাভ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ