Views Bangladesh Logo

রাজধানীতে মানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইন নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সিরডাপ মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং 'জাস্টিস অ্যান্ড কেয়ার'-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ৪৮ জন প্রতিনিধি।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি উল্লেখ করেন যে, ২০০০ সালে গৃহীত জাতিসংঘ কনভেনশন এবং এর সম্পূরক প্রোটোকলগুলোর আলোকে বাংলাদেশ সরকার 'মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' প্রণয়ন করেছে। নতুন এই আইনে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি ভিকটিমদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন প্রতারণা, স্ক্যামিং এবং মুক্তিপণ আদায়ের মতো আধুনিক অপরাধগুলোকে এই আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার প্রতিরোধে কেবল কঠোর আইনই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

মনজুর মোর্শেদ চৌধুরী জানান, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বর্তমানে একটি বৈশ্বিক সংকট। বাংলাদেশ এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও জানান, ২০০০ সালের জাতিসংঘ কনভেনশন এবং এর সম্পূরক টিআইপি ও এসওএম প্রোটোকলের আলোকে নতুন ‘২০২৬ সালের আইনটি’ প্রণয়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব রেবেকা খান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম।

বক্তারা জানান, নতুন এই আইনে পাচারকারীদের দমনের পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে অনলাইন প্রতারণা, স্ক্যামিং এবং মুক্তিপণ আদায়ের মতো আধুনিক অপরাধগুলোকে এই আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া তদন্তকারী সংস্থাসমূহকে শক্তিশালী করতে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি আটক এবং আসামির অনুপস্থিতিতে বিচার করার মতো বিধান যুক্ত করা হয়েছে।

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ২০২৬ আইনের প্রধান নতুন সংযোজন ও পরিবর্তনগুলো হলো:

১) সমন্বিত আইনি কাঠামো ও পৃথক সংজ্ঞা:
২০১২ সালের আইনের সীমাবদ্ধতা কাটিয়ে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

জাতিসংঘের প্রোটোকলের সাথে সামঞ্জস্য: মানব পাচারের সংজ্ঞাকে জাতিসংঘের টিআইপি প্রোটোকলের সাথে এবং অভিবাসী চোরাচালানকে এসওএম প্রোটোকলের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

একীভূত বিধান: প্রথমবারের মতো মানব পাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত সকল বিধান এই একটি আইনের আওতায় আনা হয়েছে।

(২) কঠোরতর দণ্ড ও নতুন অপরাধের অন্তর্ভুক্তি
পাচারকারীকে সম্পত্তি ব্যবহার করতে দিলে বা নথি গোপন করে সহায়তা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৩০,০০০ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

যৌন শোষণ: এই উদ্দেশ্যে কাউকে আমদানি বা স্থানান্তর করলে ৩ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫০,০০০ টাকা জরিমানা। অনলাইন প্রতারণা: অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন বা অভিবাসনের নামে প্রতারণা করলে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান যুক্ত হয়েছে।

(৩) তদন্ত ও বিচারিক ক্ষমতার আধুনিকায়ন
মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রয়োগ: তদন্তকারী কর্মকর্তারা এখন পাচারকারীদের ব্যাংক হিসাব জব্দ ও আয়-সম্পদ যাচাইয়ে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ট্রাইব্যুনালের বিশেষ ক্ষমতা: মানব পাচার ট্রাইব্যুনাল এখন পাচার সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের (যেমন: আঘাত, মাদক পাচার বা যৌন সহিংসতা) বিচারও একই সাথে করতে পারবে, যা আগে আলাদা আদালতে করতে হতো।

মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স: বিদেশে অবস্থিত সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা হয়েছে।

(৪) ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ
ভুক্তভোগী বা সাক্ষীকে হুমকি দিলে ৩ থেকে ৭ বছর এবং আপস করতে বাধ্য করলে ২ থেকে ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনি দায়মুক্তি: পাচারের শিকার থাকাকালীন ভুক্তভোগী যদি অনিচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট অবৈধ কাজ (যেমন: জাল পাসপোর্ট বহন বা অবৈধ অনুপ্রবেশ) করে ফেলে, তবে তাকে আসামি হিসেবে গণ্য না করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

পুনর্বাসন তদারকি: আশ্রয়কেন্দ্রে থাকা ভুক্তভোগীদের অবস্থা পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি ৬ মাস অন্তর প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ