বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
উপস্থাপনার মাধ্যমে পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে জানান, শুক্রবার তাদের আনুষ্ঠানিক আকদ অনুষ্ঠিত হয়েছে। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে