ক্যানসারে মারা গেলেন ‘মেকানিক্স’র সহপ্রতিষ্ঠাতা গিটারিস্ট সৈয়দ ইমরান
মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’র সহপ্রতিষ্ঠাতা ও গ্রুপটির সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ মারা গেছেন। প্রায় দেড় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
ইমরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সৈয়দ ইমরান আহমেদ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। গত দেড় বছর ধরে সে ক্যানসারের সঙ্গে লড়াই করছিল। আমি আমার এক ভাইকে হারালাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
ইমরানের মৃত্যুতে ব্যান্ড সংগীতের অঙ্গনের আরও অনেকে শোক প্রকাশ করছেন।
২০০৫ সালে আত্মপ্রকাশ করে ‘মেকানিক্স’। দেশে হেভি মেটাল গানের চর্চায় ব্যান্ডটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আফতাবুজ্জামান ত্রিদিবের সঙ্গে মিলে দলটি গঠন করেছিলেন ইমরান। তবে ২০০৮ সালে ব্যান্ড ছেড়ে দেন তিনি। পেশাগত কারণে পরে আর কোনো ব্যান্ডের সঙ্গেও যুক্ত হননি।
ব্যান্ড ছেড়ে গেলেও ‘মেকানিক্স’-এর সদস্যদের সঙ্গে ইমরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তাঁর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে কনসার্টও আয়োজন করেছিল ‘মেকানিক্স’।
গত ২৫ জুলাই আয়োজিত ওই কনসার্টে ‘মেকানিক্স’, ‘হাইওয়ে’সহ আটটি ব্যান্ড গান পরিবেশন করে। চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে আয়োজিত সেই কনসার্টের কয়েক সপ্তাহ পরই মারা গেলেন ইমরান।
মতামত দিন