Views Bangladesh Logo

টিকার আওতায় ১ কোটি ৮০ লাখ শিশু, হামের সংক্রমণ কমেছে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশব্যাপী পরিচালিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ফলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বেড়েছে এবং বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে সরকার দ্রুত দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রথম ধাপে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় কার্যক্রম শুরু হয়। পরে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনসহ সারাদেশে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হয়।

ডিএইচআইএস-২–এর তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা গ্রহণের পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তাই সামনের দিনগুলোতে সংক্রমণ আরও কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেসব শিশু এখনও টিকা পায়নি, এমনকি নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় টিকা নেওয়া শিশুরাও যেন ক্যাম্পেইনের আওতায় আবার হাম-রুবেলা টিকা নেয়।

তিনি আরও জানান, অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে। এজন্য টিকাবঞ্চিত শিশুদের শনাক্তে বিশেষ মনিটরিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে এবং পোস্টার, লিফলেট, ভিডিও বার্তা, টকশো ও গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইউনিসেফের সহায়তায় ১০ ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ জীবনরক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ বিসিজি, পোলিও, হাম-রুবেলা, আইপিভি, পেন্টা ও টিডি ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম জিয়াউদ্দিন হায়দারসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ