Views Bangladesh Logo

রাজশাহীর ৫ জেলায় হামের টিকাদান শুরু

রাজশাহী বিভাগের পাঁচটি জেলায় শিশুদের জন্য বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, তিন সপ্তাহব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রথম দিনে ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে এবং শুধুমাত্র রোববারই ৫ হাজার ৬০০ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। তার মতে, এখন পর্যন্ত টিকা গ্রহণে কোনো অনীহা দেখা যায়নি এবং কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলা ও পৌর এলাকায় কয়েক হাজার শিশুকে টিকা দেওয়া হচ্ছে। যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই টিকাদান কার্যক্রম চলবে।

এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রায় ৪০ হাজার শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ