একদিনে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও আক্রান্ত রোগী মিলিয়ে ১ হাজার ২৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের হিসাবে, গত এক দিনে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৯৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৯ জন। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট প্রাণহানি ৮৯০ জনে পৌঁছেছে।
এদিকে দীর্ঘ সময় ধরে হামের সংক্রমণ ও সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ছে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩ জন। ফলে মোট শনাক্ত রোগীর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তের পাশাপাশি বিপুলসংখ্যক রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসার আওতায় রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ও রোগী শনাক্তের তথ্য পরিস্থিতির ধারাবাহিক উদ্বেগকেই তুলে ধরছে।
মতামত দিন